গাজীপুরে শুরু হলো ই-পাসপোর্ট

৫ মার্চ, ২০২০ ১৪:৩৩  
গাজীপুরে শুরু হলো ই-পাসপোর্ট তৈরির কার্যক্রম। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ এ কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনের পর মহাপরিচালক গাজীপুর আঞ্চলিক অফিসে প্রথম ই-পাসপোর্ট প্রার্থী মো. আব্বাস আলী শিকদারের হাতে পাসপোর্টের আবেদন স্লিপ তুলে দেন। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সিস্টেম এনালিস্ট (পরিচালক) মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ই-পাসপোর্ট স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান খান, গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার আজাদ মিয়া, জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম প্রমুখ।